দিনাজপুরে সরকারি অফিসে দুর্নীতি-অনিয়ম নিয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ১০ নভেম্বর সকাল ৯টা নাগাদ শিশু একাডেমি মিলায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হবে।
বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি, অনিয়ম ও সেবা পেতে হয়রাণি সম্পর্কে জনগণের অভিযোগের ভিত্তিতে এই শুনানি গ্রহণ করা হবে। দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, গণশুনানিতে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সরাসরি উত্থাপন করা যাবে। এজন্য তিনি দুর্ভোগের শিকার সবার প্রতি ৮ নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করার জন্য আহ্বান জানান। অভিযোগ জমা দেওয়ার জন্য দিনাজপুর সদর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো: জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড়, সদর উপজেলা চত্বর।
এই গণশুনানির গুরুত্ব বোঝাতে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি শুনানি গ্রহণ করবেন দুদক মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ও মহাপরিচালক মো. আক্তার হোসেন।


