ঢাকার দক্ষিণখানে বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আরমান আহমেদ শাফিন। তিনি দক্ষিণখানে মা-বাবা ও স্ত্রীর সঙ্গে থাকতেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ‘শনিবার দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
তিনি জানান, পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার ধারণা, শাফিন আত্মহত্যা করেছেন। ‘তার বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কোনো সমস্যা ছিল’, যোগ করেন তিনি।
পুলিশ বলছে, বাসার লোকজন ডাকাডাকি করেও শাফিনের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ পায়।
শাফিন ঢাকা কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন জানিয়ে ওসি বলেন, ‘বর্তমানে তিনি কোনো কাজের সঙ্গে ছিলেন কিনা, জানা নেই। তিনি ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন।’
‘জুলাইযোদ্ধা সংসদ’ নামের ফেসবুক পেজের একটি পোস্টে শাফিনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
তাতে লেখা রয়েছে, ‘এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। পরিকল্পিত হত্যার আশঙ্কা স্পষ্ট।’


