ত্যাগের মহিমায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ এই দিনটি ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বইছে।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকেই নিকটবর্তী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে ছুটে যান মুসল্লিরা। খতিব খুতবায় তুলে ধরেন কোরবানির প্রকৃত তাৎপর্য।
দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনে দোয়া চান সবাই। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি ও করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে এলাকায় এলাকায় শুরু হয় পশু কোরবানি।
এদিন রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতের আগে রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদ জামাত হয়।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন জায়গায় সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

