জ্বালানি তেল নিতে সারা দেশের পেট্রল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, এতে পুলিশের গাড়িগুলোকেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সময়মতো তেল না পাওয়ায় জরুরি সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি সামনে এনে পাম্পে আলাদা লাইন চেয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন।
শুক্রবার পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এই চিঠিতে বলা হয়, পাম্পে জ্বালানি তেল সংগ্রহের জন্য পুলিশ সদস্যদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে কর্মঘণ্টার একটি বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে দ্রুত সাড়া দেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব সময়মতো সম্পাদনে দেরি হচ্ছে।
অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানারও সম্মুখীন হচ্ছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
পাম্পে আলাদা লাইন বা বিশেষ বুথের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে অ্যাসোসিয়েশন বলছে, যাতে তারা সরকারি পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তেল সংগ্রহ করতে পারেন এবং জরুরি সেবা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘লাইনে দাঁড়িয়ে তেল নিতে গেলে আমাদের কর্তব্যে ব্যাঘাত ঘটছে, আর লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার শিকার হচ্ছি।’


