নড়াইল সদর উপজেলায় তেল না পাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার মধ্যরাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাহিদ সরদার (৩৫)। এ ঘটনায় নিহতের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন।
নিহত নাহিদ উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানিয়েছেন, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল দেওয়া নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে নাহিদকে হত্যার হুমকি দেন ওই ট্রাকচালক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডার পরও অভিযুক্ত ট্রাকচালক পাম্প এলাকায় অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন নাহিদ।
এ সময় দ্রুতগতিতে একটি ট্রাক তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। গুরুতর আহত অবস্থায় জিহাদুল মোল্যাকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


