তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অ-নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকিও বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালের পোস্টে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত এসব নতুন সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন ট্রাম্প।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যারা রাষ্ট্রের উপর বোঝা, নিরাপত্তা ঝুঁকি, অথবা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসঙ্গত, এমন যেকোনো বিদেশি নাগরিককে বহিষ্কার করা হবে।’
গত বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলার ঘটনায় এসব হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ওই হামলায় গুরুতর আহত দুই সেনার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে ন্যাশনাল গার্ডের ওয়াশিংটন ডিসির যৌথ টাস্ক ফোর্স।
তদন্তকারীরা বলছেন, হামলাকারী একজন আফগান নাগরিক। অভিবাসন নথি অনুযায়ী, তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
তদন্ত সংস্থা এফবিআই-এর তথ্যমতে, হামলাকারী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসার আগে আফগানিস্তানে সিআইএ-সমর্থিত একটি ইউনিটের সদস্য ছিলেন।


