ঢাকার তিতুমীর কলেজে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার মধ্যরাতে কলেজের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান, একটি ব্যানার টাঙানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কিসের ব্যানার বা প্রথমে কারা সেটি টাঙাতে গিয়েছিল, সেসব বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
বনানী থানার এসআই (সাব ইন্সপেক্টর) জুয়েল সরকার জানান, সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাতেই তিতুমীর কলেজের সামনের সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে গেছে।


