প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। এ সময় তারা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানান। শুক্রবার অনুষ্ঠিত এই ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শেহবাজ শরীফ দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
ফোনালাপে উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। পাশাপাশি, মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা।


