বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ করেছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি নিয়মিত ট্রেনগুলিতেও অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
বিএনপির আবেদনে রেলপথ মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ ট্রেন ও বগির জন্য ভাড়া দেবে বিএনপি। এতে রেলওয়ের আয় হবে ৩৬ লাখ টাকা। সোমবার রেলওয়ে বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির কর্মী-সমর্থকদের যাতায়াতের জন্য দেশের ১০টি গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। একইসঙ্গে নিয়মিত চলাচলকারী বেশ কিছু ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
বিএনপির চাহিদা অনুযায়ী কক্সবাজার, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরববাজার, নরসিংদী, গাজীপুর, পঞ্চগড়, খুলনা, পাবনার চাটমোহর, রাজশাহী এবং যশোর থেকে ঢাকা অভিমুখে এসব বিশেষ ট্রেন চলাচল করবে।
বিশেষ ট্রেন চলাচলের এই কার্যক্রম নির্বিঘ্ন করতে ২৫ ডিসেম্বর তিনটি লোকাল ট্রেন বন্ধ রাখা হবে। ট্রেনগুলো হলো রাজবাড়ী-পোড়াদহ রুটের ‘রাজবাড়ী কমিউটার’, পাবনা-রাজশাহী রুটের ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রোহনপুর-রাজশাহী রুটের ‘রোহনপুর কমিউটার’।
বিশেষ এই যাতায়াত সুবিধার ক্ষেত্রে বিএনপি’র নেতাকর্মীদের জন্য একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, যাতায়াতের সময় সকল নেতাকর্মীকে ‘নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫’ কঠোরভাবে প্রতিপালন করতে হবে।


