বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার বনানীতে তার কবর জিয়ারত শেষে একথা বলেন বিএনপির এই নেতা।
এনসিপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তিনি উত্তররঙ্গের সফর, নিজের জেলা বগুড়া ও আবু সাইদের কবর জিয়ারত বাতিল করেছেন। যেদিন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে সেদিন থেকেই তিনি তার প্রচার শুরু করেছেন।‘
তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা ‘পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার ডিসেন্ট বক্তব্য জনগণ যেভাবে নিচ্ছে, তার নেতৃত্ব যে গ্রহণযোগ্য, তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এটা করা হচ্ছে।’
গত বুধবার তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম।
কবর জিয়ারত শেষে আরাফাত রহমান কোকো সম্পর্কে তিনি বলেন, ‘এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা ভয়াবহ ক্রান্তিকাল পার করেছি। নিপীড়নের এমন কোনও ধারাল অস্ত্র নেই যা জিয়া পরিবারের ওপর চালানো হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কেউ নিজ বাড়িতে শান্তিতে থাকতে পারেনি।’
কোকোর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হবে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বরং বলা যায়, কষ্ট-দুঃখ-বেদনা সহ্য করতে না পেরে তিনি পৃথিবী থেকে চলে গেছেন।’


