কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম ঋত্বিক সাহা (৮)। সে ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। ঋত্বিক পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’


