ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিব উদ্দিন আহমেদ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য বলেন, তিনি একজন সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি ছিলেন। একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক হিসেবে তিনি শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদান রেখে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের মরদেহ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রায়েরবাজার কবরস্থানে তার পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।
মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (এসইউএনওয়াই), এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।


