ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক এই শিক্ষককে গত ১৩ এপ্রিল নিয়োগ দেওয়া হয়।
বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মতের ঊর্ধ্বে থেকে একাডেমিক পরিবেশ বজায় রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।’
এসময় উপাচার্য সকালে শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি ‘রাইট পারসনকে রাইট পজিশনে’ নিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারে।’
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন, ‘এ গুরুত্বপূর্ণ পদে একজন দক্ষ ও যোগ্য একাডেমিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, যা অধ্যাপক আবদুস সালামের নিয়োগের মাধ্যমে পূরণ হয়েছে।’
দায়িত্ব গ্রহণ করে আবদুস সালাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী থেকে শিক্ষক ও প্রশাসক হিসেবে এ পর্যায়ে আসতে পারা তার জন্য গর্বের।’


