ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান। তিনি এই পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজনের দাবি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘জনগণ যদি না চায়, তবে আমরাও আর দাবি থেকে সরে আসব। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে হত্যাকারীদের বিচার করা এবং ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা বন্ধে রাজপথে আন্দোলন করা লাগবে—এটা চিন্তা করাও আমাদের পক্ষে সম্ভব নয়।’
তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বলেন, ‘আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি। দেশের অধিকাংশ মানুষ পিআর চায়—এটা একাধিক জরিপে উঠে এসেছে। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। যদি বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে পারে, তাহলে তাদের পিআর নিয়ে সমস্যা কি? তারা যদি ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করতে পারে, তবে আমাদের কোনো সমস্যা নেই।’
গানের শিক্ষক নিয়োগ বিষয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খুবই খারাপ। সেখানে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্য-প্রযুক্তির শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।’
দলটির ঢাকার দুই মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, দলের সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাউয়ুম, মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।


