ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ২০২৪ সালের ৫ আগস্টের পর এই এলাকায় এটিই তাদের প্রথম ঝটিকা মিছিল।
রোববার সকালে সংগঠনটির প্রায় ১০-১৫ জন নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় তারা ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে-সহ বিভিন্ন স্লোগান দেন।
ঝটিকা মিছিলের পর টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময় অবস্থান করে দ্রুত সেখান থেকে সরে যান তারা। এ ঘটনার ছবি ও ভিডিও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। এটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে ১০-১৫ জনের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে রাজু ভাস্কর্যে যায়। সেখানে মিনিটখানেকের মতো অবস্থান করে সটকে পরে।
পুলিশের একটি বিশেষ ইউনিট এ বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘ভিডিওতে পরিচিত কাউকে দেখিনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেউ এর সঙ্গে যুক্ত আছে কি না।’
এদিকে রোববার সন্ধ্যায় এই বিষয়ে কথা বলতে শাহবাগ থানায় যান জাতীয় ছাত্রশক্তির একটি প্রতিনিধিদল। আলোচনা শেষে সংগঠনটির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘ঈদের মধ্যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আনন্দ উদযাপনের জন্য পরিবারের কাছে গেছেন, ঠিক সেই সময়ে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এবং ঢাবির রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে।’
তিনি অভিযোগ করেন, ‘মিছিল করার ৮ থেকে ৯ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।’
জাহিদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমি এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তারা এ ঘটনায় কয়েকজনকে শনাক্ত করেছেন। ২৪ ঘণ্টা পরে আবারও তার সঙ্গে যোগাযোগ করে আপডেট নেব।’
ভিডিওটি আপলোড দিয়ে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।’


