মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে একদল দুর্বৃত্ত।
রোববার ভোরে কালকিনি পৌর এলাকার গোপালপুর নামক সড়কে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘণ্টা এই পথে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন একদল ব্যক্তি।
এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও যান চালকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘একদল দুর্বৃত্ত মহাসড়কে বড় কয়েকটি গাছ ফেলে ঢাকা-বরিশাল হাইওয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে মহাসড়ক থেকে গাছ সরায়।’
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আনার আশ্বাস দিয়ে তিনি জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


