ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর ওপর ও সেতুসংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার রাতে অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় কারণে যানজট সৃষ্টি হয়। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়।এরমধ্যে আলাদা করে দুটি বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, ‘আশা করি দ্রুত সময়ের মধ্যে যানবহন চলাচল স্বাভাবিক হবে।’
এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে এক কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।


