রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে শনিবার সন্ধ্যায় পাঁচ নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) রকিবুর রহমান জানান, আটক ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
তিনি বলেন, ‘তারা বাড়ির সামনে বসে ছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন।’
অবস্থান কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আটক ব্যক্তিরা অসংলগ্ন ও ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


