ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে দেশবাসীকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বলেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যদিও সবাই সতর্ক হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়।
তারেক রহমান বলেন, ডেঙ্গুর প্রকোপ সাধারণত জুন থেকে অক্টোবরের মধ্যে বেশি দেখা গেলেও এখন এটি আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। জনস্বাস্থ্যবিদদের বরাতে তিনি বলেন, বছরের যেকোনো সময়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেও সেখানে মশার প্রজনন হতে পারে।
তিনি বলেন, কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা ও নর্দমার মতো জায়গা পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে পানি জমতে দেওয়া যাবে না। তিনি বলেন, পানির ট্যাংক ঢেকে রাখতে হবে এবং সপ্তাহে অন্তত একবার বাসাবাড়ির ভেতর-বাইরে পরিষ্কার করতে হবে।
আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন এ অভিযানে কার্যকর উদ্যোগ নেবে। এ সময় তিনি জাতীয় সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধির প্রতি জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান।
তারেক রহমান বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী জ্বর থেকে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
তিনি বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল কথা হলো, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার এবং কোথাও ময়লা পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।


