ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি দেশের বিশিষ্ট কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গও ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও মুয়াযযম হোসাইন হেলাল, সংসদ সদস্য রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব ও শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান ও মোহাম্মদ শিশির মনির।
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।
পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


