কক্সবাজার শহরে ‘চাঁদা না দেওয়া’য় গণেশ পাল (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।
গণেশের স্ত্রী নেপালী পাল সাংবাদিকদের জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়।
নেপালীর জানায়, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগী গণেশ পালের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত জিদানের বাড়িও শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গণেশ পাল নিহত হন।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার বিষয়ে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু বলেন, এ ধরণের হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কঠোরভাবে দমন করা না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


