দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের তথ্য মিলেছে। এ সময় বিভাগটিতে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়।
এ সময়ে বরিশাল বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চারজন করে ৮ জন, রাজশাহী বিভাগে দুজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


