এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০২ জনে। একই সময়ে নতুন করে আরও ৩৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ দুইজনের মৃত্যু হয়। মৃতদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং অপরজন চট্টগ্রাম বিভাগে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি, ৯৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৯০ জন, বরিশাল বিভাগে ৮৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ এবং রাজশাহী বিভাগে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি, ৯৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া, বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ছয়, খুলনা বিভাগে পাঁচ এবং ঢাকা বিভাগে তিনজন মারা গেছেন।


