এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া ৩৭৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন। চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশালে ৬৩ জন, ময়মনসিংহে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন ১১ জন।
এতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০৬ জন পুরুষ ও ৯৭ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


