দীর্ঘ জটিলতা ফেরিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করলো ‘অমীমাংসিত’। রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্মটি আগামী ৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত ট্রেলার মুক্তির এ তারিখ জানানো হয়।
প্রকাশিত ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারটিতে এক সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত রহস্যময় ও থ্রিলার গল্পের ইঙ্গিত আছে।
ট্রেলারে দেখা যায়- নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।
ট্রেলারটি প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানায়,“একটা বাড়ির ভেতরে এত নৃশংস ঘটনা ঘটে গেল, বাচ্চাটা একবারও ঘুম থেকে ওঠেনি! রায়হান রাফী পরিচালিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।”
এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল চলচ্চিত্রটি। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৩ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি পায় ‘অমীমাংসিত’।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।
গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণা থেকে নির্মিত কি না- সেটি নিয়ে নির্মাতারা স্পষ্ট কিছু না বললেও ট্রেলার প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।


