বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
এতে উল্লেখ করা হয়, আসামি বিগত সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজিজুল হক দিদার এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের সময় গুলিতে নিহত হন মকবুল হোসেন। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা করা হয়। গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


