ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে সরকার।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন–১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক–এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তারকে এ দায়িত্ব দেওয়া হলো।
নতুন প্রশাসক নিজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
তবে তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন।


