ডাকসু নির্বাচন: জানা গেল ফল প্রকাশের সময়

ডাকসু নির্বাচন: জানা গেল ফল প্রকাশের সময়
ডাকসু নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ভোটগ্রহণ হয়। সারা দিনের ভোটে বড় কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটগ্রহণ শেষে গণনার কাজ চলছে। রাত ১২টার আগেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তারা।

তবে শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়ার অভিযোগ ভোট চলাকালে আলোচনায় ছিল। অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্র দখলের চেষ্টা নিয়েও পাল্টা অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগ তুলে ভোট শেষ হওয়ার আগেই প্রার্থিতা প্রত্যাহার করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। জহুরুল হক হলে ভোট পড়েছে ৮২ থেকে ৮৩ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হক হলে ৮২ দশমিক ৯৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২ দশমিক ৪৫ শতাংশ এবং রোকেয়া হলে ৬৯ শতাংশ ভোট পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান দুপুরে জানান, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে মোট ভোটের সংখ্যা তখনো নিশ্চিত হয়নি।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তারা জানান, কোনো অভিযোগ পেলে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ছিল; পুলিশ, বিজিবি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা প্রবেশপথে অবস্থান নেন। আইডি কার্ডধারী শিক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তিদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন।

ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটাররা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্যাগ, তরল পদার্থ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

এবারের নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর