ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘এবারের ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল টিম নিয়োজিত থাকবে। সাদা পোশাকে ডিবি সদস্য মোতায়েন থাকবে এবং সিটিটিসির বিশেষায়িত ইউনিট প্রস্তুত থাকবে।’

ডিএমপি কমিশনার আরও জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া সোমবার রাত আটটা থেকে ১১ সেপ্টেম্বর বেলা ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’

এ ছাড়া, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচার রোধ করতে ডিএমপি কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর