ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।
এ সময় ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান এবং কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে যান তারা। তার আগে সকালে রায়েরবাজার কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাইয়ে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাদিক-ফরহাদরা।
গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পান। বুধবার ফল ঘোষণার পর বৃহস্পতিবার সাবেক ভিপিদের সঙ্গে দেখা করতে যান তারা।
মাহমুদুর রহমান মান্না ১৯৮১ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। বর্তমানে নাগরিক ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


