কক্সবাজারের টেকনাফে আলাদা দুটি বিশেষ অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।
বুধবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জেলের ছদ্মবেশে তিন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে ইয়াবার চালান গ্রহণ করে ঠেলা জাল নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিলেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যান।
পরে আটক ব্যক্তির ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
এদিকে একই দিন দিবাগত রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় বিজিবি। প্রযুক্তিগত নজরদারিতে সীমান্তে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত হওয়ার পর নৌ টহল জোরদার করা হয়। একপর্যায়ে জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়।
তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে আরও ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি সফল অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


