কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। অপহৃত চিকিৎসককে উদ্ধারে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।
রোববার দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ি এলাকার দিকে চলে যায়। দুর্বৃত্তদের সবার হাতে আগ্নেয়াস্ত্র থাকায় পরিবারের কেউ বাধা দিতে পারেননি। অপহরণকারীরা চলে যাওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াশ চিকিৎসককে দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, ‘চিকিৎসককে অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযান চালাচ্ছেন। তবে কারা এবং কী কারণে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’


