ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসায় অবহেলার কারণে মাইশা আক্তার (১৪) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাইশা জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিমপাড়া এলাকার মো. আশরাফুল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাইশাকে শহরের বেসরকারি মডার্ণ এক্সরে ও প্যাথলজি ক্লিনিকে আনা হয়। সেখানে চিকিৎসক পি বি রায় সুপ্রিয়ের কাছে চিকিৎসা নেওয়া হয়। তিনি ব্যবস্থাপত্রে একটি ইনজেকশন ও নেবুলাইজ করার পরামর্শ দেন।
এরপর চিকিৎসকের সহকারী সুধাংশু ক্লিনিকে মাইশার শরীরে একটি ইনজেকশন দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সুধাংশু তাৎক্ষণিক মাইশাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ অস্বীকার করে চিকিৎসক পি বি রায় সুপ্রিয় বলেন, ‘মাইশাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়েছিলাম। সহকারী সুধাংশু ওই নারীকে ইনজেকশন দিয়েছেন বলে জেনেছি, তবে সেটি আমার চেম্বারে নয়।’ ইনজেকশন দেওয়ার সময় ভয় পাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাইশার মৃত্যু হতে পারে বলে তার ধারণা।
জেলা সিভিল সার্জন নোমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

