কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহৃত ছয় কিশোরের মধ্যে চারজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় ওই ইউনিয়নের শীলখালী গ্রাম থেকে এই কিশোরদের অপহরণ করা হয়।
ঘটনার পরপরই মোহাম্মদ শাহিন (১৫) ও মোহাম্মদ ইসমাইল (১৪) নামে দুই কিশোর কৌশলে পালাতে সক্ষম হয়। তবে, বাকি চারজনকে নিয়ে যায় অপহরণকারীরা।
নিখোঁজ কিশোররা হলো- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মোহাম্মদ মামুন (১৪), আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন (১৬), মোহাম্মদ ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৭) ও হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৪)।
বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, রোববার সন্ধ্যায় শিশু-কিশোররা খেলাধুলা শেষে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় ১০-১২ জন অস্ত্রধারী ডাকাতদল ছয়জনকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালায়। তবে, এখন পর্যন্ত অপহৃত চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস সাংবাদিকদের বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর থেকেই গভীর পাহাড়ে অভিযান চালানো হয়েছে।অপহরণের শিকার চারজনকে উদ্ধার করতে পুলিশ কাজ করছে।


