বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। শনিবার গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
৩৯ বছর বয়সী মেসি ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেন। পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হওয়ার পর নেওয়া নিচু শটটি জর্ডানের দুই ডিফেন্ডারের ফাঁক গলে জর্ডানের জালে জড়ায়।
এটি বিশ্বকাপে মেসির ১৯তম গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে তার সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়া এটি ছিল ক্যারিয়ারে তার ৭২তম ফ্রি-কিক গোল এবং আর্জেন্টিনার জার্সিতে সরাসরি ফ্রি-কিক থেকে ১২তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২০২ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৩। সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার গোল ১৪৫টি।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডটি মেসি ভাগাভাগি করেছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়াজিনহোর সঙ্গে। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে নতুন ইতিহাস গড়লেন তিনি।
এছাড়া ২০২৬ বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করলেন মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
গ্রুপে শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন। এর আগে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লাউতারো। এরপর মেসির ফ্রি-কিকের গোলে ব্যবধান আরও বাড়ে।


