ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি বারইকরন গ্রামের বাসিন্দা।
তার পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের শুভ হোসেন তাকে ঘুষি মারেন। এতে হাসিবুল ইসলামের নাকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানান, তার নাকের হাড় ভেঙে গেছে।
স্থানীয়দের অভিযোগ, শুভ হোসেনের বাবা প্রবাসে থাকায় পরিবারটি আর্থিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এর আগেও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত শুভর বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগও রয়েছে বলে কয়েকজন দাবি করেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ‘বিষয়টি আমাদের জানানো হয়েছে। আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


