ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করেন।
এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নবনিযুক্ত প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।


