হরমুজ প্রণালির কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার কার্যত বন্ধ হরমুজ প্রণালির কাছে ভারতীয় পতাকাবাহী দুটি তেলবাহী নৌযানে গানবোট থেকে গুলি চালায় ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
জাহাজ দুটি- সানমার হেরাল্ড এবং জাগ অর্ণব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় হরমুজ প্রণালিতে চলাচলে ইরানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে সেগুলোতে সরাসরি গুলি চালায় আইআরজিসির সদস্যরা। এতে সতর্ক হয়ে জাহাজ দুটি পশ্চিম দিকে সরে যেতে বাধ্য হয়।
প্রতিবেদন অনুযায়ী, সানমার হেরাল্ড একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ, যা প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। ওমানের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে তাতে দুটি গানবোট থেকে গুলি চালানো হয়।
এর পরপরই দিল্লিতে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালি বন্ধ রাখার নেতিবাচক প্রভাব তুলে ধরেন তিনি।
ইরানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে হরমুজ প্রণালিতে ভারতের মালিকানাধীন জাহাজকে পূর্ণ নিরাপত্তায় প্রণালি পারাপারে সহযোগিতারও আহ্বান জানান বিক্রম মিসরি। সেইসঙ্গে প্রণালিতে নিষেধাজ্ঞার জেরে বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্তিতি মোকাবিলায় অবিলম্বে হরমুজ প্রণালি স্বাভাবিক করারও আহ্বান জানান তিনি।


