ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীর জন্য ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ থাকছে।
রিটার্নিং অফিসারদের বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে তিন হাজার ৪০৬ জন মনোনয়নপত্র গ্রহণ করেন। এর বিপরীতে মনোয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। আপিলের আবেদনের সাথে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করার কারণ সম্বলিত বিবৃতি এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।


