জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার ভোরে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন।
মন্ত্রীর এই সফরে প্রতিনিধিদলে থাকছেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক থেকে এই প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈশ্বিক ফোরামটি অনুষ্ঠিত হবে। এটি মূলত নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন বিষয়ক ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান প্ল্যাটফর্ম।
সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অভিবাসন খাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও অবস্থান বিশ্বদরবারে তুলে ধরবেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় সফর শেষ করে আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।


