ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে ১১ জানুয়ারি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং পলকের পক্ষে ছিলেন লিটন আহমেদ।
আইনজীবী লিটন আহমেদ বলেন, ‘বুধবার অভিযোগ গঠনের শুনানির কথা ছিলো, আমরা আসামির সঙ্গে কারাগারে মামলা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য সাক্ষাতের আবেদন করেছি। আবেদন মঞ্জুর করা হয়েছে।’
একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির দিন পুনর্নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি প্রসিকিউশনের শুনানি হবে। পরে ১৪ জানুয়ারি আসামিপক্ষ অভিযোগ গঠনের প্রশ্নে শুনানি করবে।
এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর জয় ও পলক এবং সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। গ্রেপ্তার বাকি তিন আসামিকে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।


