জবি থেকেই ট্রেজারার নিয়োগ চায় শিক্ষক সমিতি

জবি থেকেই ট্রেজারার নিয়োগ চায় শিক্ষক সমিতি
সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির নেতারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সঙ্গে বাইরে থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হলে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল হক বলেন, ‘বর্তমানে জবিতে ৭৩২ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ২৪৫ জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের বাস্তবতা ও সমস্যা সম্পর্কে ভালোভাবে জানেন। তাই ট্রেজারার পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হলে নিজ বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নেই।’

আরও পড়ুন

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যৌক্তিক দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ থাকবেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। একইসঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad