জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ: আব্দুল হালিম

জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ: আব্দুল হালিম
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। শনিবার দুপুরে গাইবান্ধা দারুল আমান ট্রাস্টে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

জনগণের প্রত্যাশা ও ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম।

তিনি বলেছেন, ‘সরকার ও বিরোধী দল মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। শহীদ আবু সাঈদসহ ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিলেন, সরকার তা পূরণ করতে পারেনি।’

শনিবার দুপুরে গাইবান্ধা দারুল আমান ট্রাস্টে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল হালিম আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের কল্যাণে যেসব অধ্যাদেশ জারি করেছিল, সেগুলো কার্যকর করতে বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে।’

বিএনপির ৩১ দফা সংস্কারের প্রথম দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, অথচ এখন তারাই সংবিধান সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সরকারের সমালোচনা করে আব্দুল হালিম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত কয়েকটি অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।’ তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা সংসদের ভেতরে যেমন আছেন, তেমনি সংসদের বাইরেও সক্রিয় থাকবেন।’

সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে ‘২৪-এর আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দেশের সংকটে জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহুরুল হক, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবু কাওছার নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের আব্দুল ওয়ারেছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad