মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
এর আগে ২০২৫ সালের ৩ মার্চ ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি থেকে বলা হয়, ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সাংবাদিকদের বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকলেও তদন্তে ১৪৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘ হাজতবাস বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে।
২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার। বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানিও করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণিসম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল।


