চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বার ও চার টুকরো স্বর্ণসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে সিকান্দার আলীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং চার টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


