চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুর রহমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে দর্শনা পৌর এলাকা শ্যামপুর গ্রামের কবরস্থানসংলগ্ন বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হাবিবুর দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। হাবিবুর দীর্ঘদিন ধরে নানার বাড়িতে মামাদের কাছে থাকতেন।
হাবিবুর রহমানের মামা মঞ্জু ও মন্টু বলেন, আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে তার একটা গরু চুরি হয়। এ বিষয়ে হতাশ ছিল, অর্থ সংকটেও ভুগছিলেন।
হাবিবুরের স্ত্রী জানান, শেষ সম্বল গরুটি চুরি হয়ে যাওয়ায় টেনশনে ছিল হাবিবুর। বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


