চুয়াডাঙ্গায় লাটাহাম্বার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান আরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকালে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাটাহাম্বার সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানায়, দুর্ঘটনার পর লাটাহাম্বাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।


