দ্বি-পাক্ষিক বৈঠকে বসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে বৈঠক বসেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।
গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্মানে নৈশভোজের আয়োজন করেছে চীনের প্রধানমন্ত্রী লু কুয়াং।
এর আগে এদিন বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।


