গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। ২৯ আগস্ট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলায় গুরুতর আহত হন তিনি।
এ হামলায় নুরুল হক নুর ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, নুরুল হক নুরের পরিবারের এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। যদিও তিনি (নুর) নিজে এতে অনিচ্ছুক ছিলেন। দেশের জনগণের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের নেতারা জানান, দেরিতে হলেও সরকার উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ নিয়েছে, তারা সরকারের প্রতি কৃতজ্ঞ।
একই সঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন পরও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনেও কোনো অগ্রগতি দেখা যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন হামলা দেশের গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ রাজপথে কঠোর কর্মসূচি দেবে।


