পাবনার চাটমোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা মহিলাদলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চাটমোহর পৌর এলাকায় আলাদা আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- জাতীয়তাবাদী মহিলাদল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার রহিমা রেজা (৪৫)।
চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র দিয়ে স্বর্ণাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সে ঘটনায় তিনি রহিমা ও বুড়িসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা করেন।
এদিকে গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদক কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সে সময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।


